স্টার্টআপ শুরু করবেন কীভাবে? জানুন পরিকল্পনা, অর্থায়ন ও নিবন্ধনের পূর্ণ গাইড..
তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ কী, কিভাবে শুরু করবেন, বিনিয়োগ কোথায় পাবেন ও কিভাবে রেজিস্ট্রেশন করবেন. সব জানতে পড়ুন এই বিস্তারিত গাইড।..
স্টার্টআপ শুরু করবেন কীভাবে? পরিকল্পনা, অর্থায়ন ও নিবন্ধনের পূর্ণ গাইড
সমস্যা সমাধান ও নতুন কিছু করার আগ্রহ থেকে অনেক তরুণ আজ স্টার্টআপ গড়ার কথা ভাবছেন। কেউ কৃষি খাতে প্রযুক্তি আনছেন, কেউ ঘরে বসে শিক্ষা নেওয়ার অ্যাপ বানাচ্ছেন, আবার কেউ পরিবেশ রক্ষায় প্রযুক্তিনির্ভর সেবা তৈরি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই যাত্রা শুরু করবেন কীভাবে?
স্টার্টআপ কী?
স্টার্টআপ হচ্ছে একটি নতুন ব্যবসায়িক আইডিয়া, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট সমস্যার নতুনভাবে সমাধান দেওয়া হয়। স্টার্টআপ সাধারণত প্রযুক্তিনির্ভর হয়, যেমন অ্যাপ, ওয়েবসাইট, ই-কমার্স, কৃষিভিত্তিক প্রযুক্তি বা সামাজিক উদ্যোগ। এটি প্রচলিত ব্যবসার চেয়ে দ্রুত প্রসার লাভ করে এবং প্রভাবও ফেলে বেশি মানুষের ওপর।
কীভাবে স্টার্টআপের ধারণা তৈরি করবেন?
- প্রথমে কোনো সমস্যা চিহ্নিত করুন
- ভাবুন কীভাবে সেই সমস্যার নতুন সমাধান দেওয়া যায়
- ছোট আকারে শুরু করুন—MVP (Minimum Viable Product) তৈরি করুন
- বাজারে সেই MVP এর চাহিদা যাচাই করুন
- চাহিদা থাকলে ধীরে ধীরে টিম গঠন করুন
উদাহরণস্বরূপ, কেউ শহরের ময়লা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর পদ্ধতি তৈরি করতে পারেন। এটি যেমন একটি সমস্যা সমাধান করবে, তেমনি স্টার্টআপ হিসেবে বাজারে জায়গা করে নিতে পারবে।
স্টার্টআপে অর্থায়ন পাবেন কীভাবে?
শুরুর দিকে অর্থাভাব সবচেয়ে বড় বাধা। নিচে কিছু সাধারণ উৎস দেওয়া হলো যেখান থেকে আপনি অর্থায়ন পেতে পারেন:
১. নিজস্ব অর্থ বা বুটস্ট্র্যাপিং
প্রথম দিকে উদ্যোক্তারা নিজের সঞ্চয় বা পরিবারের সহায়তায় শুরু করেন। এটিই বুটস্ট্র্যাপিং নামে পরিচিত।
২. অ্যাঞ্জেল ইনভেস্টর ও ভেঞ্চার ক্যাপিটাল
যদি আপনার আইডিয়া ভালো হয়, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ পাওয়া সম্ভব। যেমন:
- Bangladesh Angel Investors Network
- Startup Bangladesh Limited
- SBK Tech Ventures
- Anchorless Bangladesh
- BD Ventures
- Deco Esho Venture Capital
৩. সরকারি সহায়তা
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের iDEA Project এর মাধ্যমে আপনি সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন।
৪. অ্যাকসিলারেটর প্রোগ্রাম
যেমন:
- Grameenphone Accelerator
- BYLC Ventures
- NSU Startups Next (North South University)
এই প্রোগ্রামগুলো প্রশিক্ষণ, পরামর্শ ও বিনিয়োগের সুযোগ দেয়।
৫. বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ঋণ
বাংলাদেশ ব্যাংক বর্তমানে ৪% সুদে ৮ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপকে ঋণ দিচ্ছে। এর জন্য ক্রেডিট রেটিং বাধ্যতামূলক নয় এবং ২১ বছরের বেশি বয়স হলেই আবেদন করা যাবে।
নিবন্ধন করবেন কীভাবে?
স্টার্টআপ বা ব্যবসা শুরু করার আগে আইনগত নিবন্ধন করতে হয়। বাংলাদেশে সাধারণত তিন ধরণের ব্যবসায়িক কাঠামো দেখা যায়:
১. একক মালিকানা (Sole Proprietorship)
এর জন্য আপনার স্থানীয় সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে।
২. অংশীদারত্ব (Partnership)
যদি দু’জন বা তার বেশি উদ্যোক্তা থাকেন, তবে RJSC (Registrar of Joint Stock Companies) থেকে নিবন্ধন করতে হবে এবং পার্টনারশিপ চুক্তি জমা দিতে হয়।
৩. প্রাইভেট লিমিটেড কোম্পানি
বড় আকারে ব্যবসা করতে চাইলে এটি সবচেয়ে ভালো। RJSC থেকে নাম ক্লিয়ারেন্স, মেমোরেন্ডাম, আর্টিকেল জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর ব্যাংক একাউন্ট, TIN, VAT রেজিস্ট্রেশন করতে হয়।
শেষ কথা
স্টার্টআপ শুরু করতে গেলে সাহস, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের মানসিকতা লাগে। একবার ভালো আইডিয়া পেলে এবং সঠিকভাবে পরিকল্পনা করলে আপনি-ও হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা। এখনই সময় নতুন কিছু করার!
আপনার চিন্তাই হতে পারে আগামী দিনের সফল উদ্যোগ।
0 Comments